বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে ভারতের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তাঁর দাবি, দেশের পোশাক খাতের বাজার দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।
আবু হানিফ বলেন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। তবে এই আন্দোলনের সুযোগ নিয়ে তৃতীয় পক্ষ বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তাঁর দাবি, এসব কর্মকাণ্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি জড়িত। একই সঙ্গে বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতা তৈরির পেছনে ভারতের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আবু হানিফ বলেন, বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয় এবং ভারতের ষষ্ঠ। এ কারণে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার দখল করতে ভারত অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে দাবি তাঁর।
শ্রমিকদের দাবির বিষয়ে সরকার আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এরপরও আন্দোলনের নামে অরাজকতা চলতে থাকায় তৃতীয় পক্ষের সম্পৃক্ততার অভিযোগ তোলেন তিনি।
পোশাকশিল্পকে সম্ভাব্য ষড়যন্ত্র থেকে রক্ষায় সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান গণঅধিকার পরিষদের এই নেতা।