এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের যেন একটি বছর নষ্ট না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এবারের পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সব মিলিয়ে এক ও দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। মোট অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ৪১৩ জন।
তিনি বলেন, এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এতে তাদের শিক্ষাজীবনের আরও একটি বছর নষ্ট হওয়ার আশঙ্কা কমবে।
পরীক্ষার সময় নির্ধারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাত বা ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব হলেও শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে না। আবার বেশি দেরি হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রমে প্রভাব পড়তে পারে। তাই প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে সময় নির্ধারণ করা হবে। তবে এক মাসের বেশি সময় দেওয়া হবে না।
এদিকে, আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। ফল প্রকাশে স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষকদের প্রশিক্ষণ এবং মূল্যায়নে গুরুতর ভুলের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।