জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েও শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। তাঁর পরিবর্তে ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত আসনে বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানকে মনোনীত করেছে দলটি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক।
এর আগে গত ১৮ অক্টোবর সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে প্রার্থী হতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মেঘনা আলম। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি জানান তিনি। পোস্টে জনগণের সমর্থন নিয়ে সেবা করার উদ্দেশ্যে নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা উল্লেখ করেন মেঘনা।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো সাজে উপস্থিত হয়ে আলোচনায় আসেন মেঘনা আলম।
তবে খালেদা জিয়ার মতো সাজ নিয়ে সমালোচনার বিষয়ে মেঘনা জানিয়েছিলেন, ইচ্ছাকৃতভাবে তিনি এমন সাজ নেননি। নিজেকে মার্জিতভাবে উপস্থাপন করতে গিয়ে তাঁর সাজ প্রয়াত প্রধানমন্ত্রীর সাজের সঙ্গে মিলে গেছে বলে দাবি করেন তিনি।
এদিকে বিএনপির মনোনয়ন না পাওয়ার বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মেঘনা আলম।
গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর। পরদিন ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। এরপর ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আগামী ১২ নভেম্বর এ উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর একজন বৈধ প্রার্থী থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।