আইজিপির ‘সরকার অনুমতি দিলে ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে সরকারের কাছে জবাবদিহি দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ক্রসফায়ারের হুমকির মাধ্যমে পুলিশ বাহিনীকে আবারও বিতর্কিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে বাজারে সিন্ডিকেট, গ্যাস সংকট ও প্রকাশ্যে চাঁদাবাজির ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
রাজধানীতে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আইজিপি জানিয়েছেন, সরকার অনুমোদন দিলে পুলিশ ক্রসফায়ার চালাতে প্রস্তুত। এ ধরনের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যারা ক্রসফায়ার আর গুলি করে মানুষ মারার হুমকি দেয়, তারা হচ্ছে ডিবির হারুন আর বেনজীরের বংশধর। এমন বক্তব্যের পর কোনো সভ্য দেশে আইজিপি স্বপদে বহাল থাকতে পারতেন না বলেও মন্তব্য করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর ভেঙে পড়া মনোবল কাটিয়ে সাধারণ পুলিশ সদস্যরা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, তখন কিছু কর্মকর্তার দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের কারণে পুরো বাহিনী আবারও সমালোচনার মুখে পড়ছে। সরকার এ বিষয়ে স্পষ্ট অবস্থান না নিলে তারা আবারও গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পথে ফিরছে বলে ধরে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে মোংলার মিরাজের সন্ধান দাবি করে হাসনাত বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কোস্টগার্ডের হাতে গুমের শিকার হয়েছেন বলে যাঁদের অভিযোগ রয়েছে, তাঁদের অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি রাজনৈতিক ভিন্নমতের কারণে হয়রানিমূলকভাবে আটক এক নারীর দ্রুত মুক্তিও দাবি করেন তিনি।
দ্রব্যমূল্য বৃদ্ধি ও বাজারে সিন্ডিকেটের প্রসঙ্গ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, গ্যাস সংকটের কারণে রাজধানীর মুগদা এলাকার বাসিন্দারা রান্না করতে পারছেন না। ১ হাজার ৮০০ টাকার গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায়। সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় সিন্ডিকেট ও চাঁদাবাজি টিকে রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সরকারের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেন, সরকার ১৮ মাসে দেড় কোটি কর্মসংস্থানের কথা বলেছিল। তাঁর দাবি, এরই মধ্যে এক কোটি কর্মসংস্থান হয়েছে—তবে তা মোড়ে মোড়ে প্রকাশ্য চাঁদাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে। বাংলাদেশের মানুষ এ ধরনের কর্মসংস্থান চায়নি বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক ছত্রচ্ছায়ায় পরিচালিত চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের দাবি জানিয়ে হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দেন, এসব কর্মকাণ্ড বন্ধ না হলে সাধারণ মানুষ রাজপথে নেমে নিজেদের অধিকার আদায় করবে।