বিগত সরকারের আমলে পাড়া-মহল্লায় মাদকের ডিলার তৈরি করে দেশজুড়ে মাদকের বিস্তার ঘটানো হয়েছিল বলে অভিযোগ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, কে ক্ষমতায় আসবে বা কে ক্ষমতা ছাড়বে, তা নিয়ে পুলিশের মাথাব্যথা নেই। পুলিশ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত সমাজ গড়তে কাজ করতে চায়।
রোববার (২৫ অক্টোবর) বাগেরহাটে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, বিগত সরকার পাড়া-মহল্লায় ডিলার বসিয়ে মাদকের আখড়া তৈরি করেছিল। এর ফলে সমাজের বিভিন্ন স্তরে মাদকের বিস্তার ঘটেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের ভয়াবহ প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক ক্ষমতার পালাবদল নিয়ে পুলিশের কোনো আগ্রহ নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনই পুলিশের প্রধান দায়িত্ব।
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইজিপি বলেন, এসব অপরাধ নির্মূলে পুলিশ কার্যকর পদক্ষেপ নিতে চায়। তবে শুধু আইন প্রয়োগ করে অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন জনগণের সহযোগিতা এবং সামাজিক সচেতনতা।
পুলিশের অভ্যন্তরীণ অপরাধ ও অনিয়মের বিষয়েও কথা বলেন তিনি। আইজিপি জানান, বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে ইতোমধ্যে ২৭ জন পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় যা-ই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সমাবেশে বক্তারা মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ, চাঁদাবাজি ও দুর্নীতি দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সমাবেশে।