ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে নীলফামারীর ডোমারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নীলফামারী ইউনিটের ডোমার উপজেলা যুব রেড ক্রিসেন্ট।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাইদ তন্নী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম, জেলা রেড ক্রিসেন্ট এসি কমিটির সদস্য আনিসুর রহমান আনু, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক আহ্বায়ক মেরাজুল ইসলাম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন।
এছাড়া উপস্থিত ছিলেন ডোমার উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা আব্দুর রশিদ, উপ-দলনেতা-১ সাইদ বিন ইসলাম, উপ-দলনেতা-২ মোৎমাইন্না দীপ্তিসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীল ও সদস্যরা।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।
আয়োজকরা জানান, মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা নয়, নিয়মিতভাবে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে কার্যকর উদ্যোগ।