দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল । দুর্নীতি প্রমাণিত হলে প্রয়োজনে নিজেই বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন ।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার আরো বলেন, সরকারের উন্নয়নমূলক ও জনকল্যাণকর এসব কার্ড সুবিধাভোগীদের কাছে একদম স্বচ্ছতার সাথে পৌঁছাতে হবে। এর সুবিধা যেন প্রকৃত কৃষক ও দুস্থ পরিবারগুলোই পায়, তা নিশ্চিত করতে হবে।
আপনারা দয়া করে দল-মতের ঊর্ধ্বে উঠে তথ্যগুলো সংগ্রহ করবেন এবং শুরু করবেন সর্বনিম্ন জায়গা থেকে। কুঁড়েঘর থেকে বা ঘর নেই ছাপড়া ঘর থেকে আস্তে আস্তে ধাপে ধাপে উঠবেন।
শেষে ফ্যামিলি শুমারি কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের হাতে মোবাইল ট্যাব বিতরন করেন ডেপুটি স্পিকার।