জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে শাকিল খান নামে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী এবং বিভাগীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
জানা যায়, বিশ্ব দর্শন দিবস উপলক্ষে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন শাকিল। এ সময় তার উপস্থিতির খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাকে আটক করেন। এ নিয়ে শাকিলের সহপাঠীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার মোবাইল ফোন জব্দ করা হয়।
শাকিলকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’ এবং ‘সন্ত্রাসীদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, শাকিলের মোবাইল ফোন পরীক্ষা করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে গঠিত ‘ভাই-ব্রাদার্স’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে তার যুক্ত থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া তিনি এখনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং বিভাগে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রম পরিচালনার সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করেন তারা। ছাত্রলীগের পদ থেকেও তিনি পদত্যাগ করেননি বলে দাবি তাদের।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, ওই শিক্ষার্থীকে ধরে নিয়ে আসার পর তার পরিচয় যাচাই করা হয়। পরে তিনি দর্শন বিভাগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা যায়। তার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশের হেফাজতে তাকে হস্তান্তর করা হয়েছে।