রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি। মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অবকাঠামো, বাণিজ্য ও বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, জ্বালানি ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এ সময় জাপানের সম্রাট নারুহিতোর অভিনন্দনবার্তা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন রাষ্ট্রদূত। সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সম্রাট তাকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। রাষ্ট্রপতি এ জন্য সম্রাটকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের সহযোগিতার প্রশংসা করেন। বিশেষ করে ঢাকা মেট্রোরেল ও মেঘনা সেতুসহ বিভিন্ন প্রকল্পে জাপানের অংশীদারিত্বের কথা উল্লেখ করেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও ব্যবস্থাপনায় জাপানের সহযোগিতায় দ্রুত কার্যক্রম শুরুর আশাও প্রকাশ করেন।
বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি। পাশাপাশি কারিগরি শিক্ষা ও জাপানি ভাষা প্রশিক্ষণের জন্য বৃত্তিমূলক প্রতিষ্ঠান স্থাপন এবং বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
এ ছাড়া কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানান রাষ্ট্রপতি। জাপানের রাষ্ট্রদূত অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ ও জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন। রোহিঙ্গা প্রত্যাবাসনেও জাপানের অব্যাহত সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি।