নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে মাদক সেবনের সময় নুর আলম (১৯) ও রাহিমিন ইসলাম (২৯) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
গত রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের পূর্ব ভোগডাবুড়ী বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের মাদক সেবন করতে দেখে আটক করে ৯৯৯ নং এ ফোনে পুলিশকে জানায়। খবর পেয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন।
আটক নুর আলম পূর্ব ভোগডাবুড়ী বানিয়াপাড়া এলাকার ময়নুল ইসলামের ছেলে এবং রাহিমিন ইসলাম একই ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে।
পুলিশের দাবি, তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় মামলা করা হয়েছে।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে মাদকদ্রব্য ও সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহও বিষয়টি নিশ্চিত করেছেন।