মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. বিল্লাল হোসেন (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত ছয়টি মামলা রয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর হাসপাতাল থেকে মুক্তারপুরগামী সড়কের পাশে মানিকপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে একটি দল মানিকপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ১০ তলা ভবনের পূর্ব পাশে তামিম স্টোরের সামনে থেকে বিল্লাল হোসেনকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেফতার বিল্লাল হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তবে বর্তমানে তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার মানিকপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিল্লাল হোসেনের বিরুদ্ধে এর আগে মাদকসংক্রান্ত ছয়টি মামলা রয়েছে। নতুন করে ৫০০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।