ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছে তেহরান। এর প্রভাবে বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৪ সেন্ট বা ০.৯ শতাংশ কমে ১০২ দশমিক ১৩ ডলারে নেমেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৯ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৫৬ ডলারে লেনদেন হয়েছে।
এর আগের সেশনে জ্বালানি তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছিল। তবে ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানানোর পর বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হয় এবং দাম আবার কমতে শুরু করে।
ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ বন্ধের উপায় নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে। তবে আলোচনা চালিয়ে যাওয়া প্রয়োজন।
তেহরান যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া শান্তি প্রস্তাবের জবাব পর্যালোচনা করছে। ওই প্রস্তাবে ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এদিকে সৌদি আরব পূর্ব-পশ্চিম পাইপলাইনে কার্যক্রম পুনরায় শুরু করায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বাড়ার প্রত্যাশাও বাজারে দামের ওপর চাপ তৈরি করেছে।
সূত্র: রয়টার্স
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?