রবিউল আলম,কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলার কাকিয়াখালী গ্রামের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সামনে ১৮ সেপ্টেম্বর রাতে পূর্ব শত্রুতার জের ধরে আদিল মিয়া (১৮) নামে এক কিশোরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে তাকে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনায় আহত কিশোরের পিতা আতিকুল ইসলাম বাদী হয়ে তিতাস থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় কাকিয়াখালী গ্রামের পূজা মণ্ডপে প্রতিমা দেখতে যান আতিকুল ইসলামের ছেলে আদিল মিয়া। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে চিহ্নিত বিবাদী দল রামদা, চাইনিজ কুড়াল, চাপাতা, লোহার রড ও লাঠিসোটাসহ সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তদের কোপে আদিল মিয়ার বুকের বাম পাশে গভীর ক্ষত সৃষ্টি হয়, যেখানে চিকিৎসকরা ৬২টি সেলাই দিয়েছেন। এ ছাড়া লোহার পাইপ ও রডের আঘাতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। আদিলকে বাঁচাতে এগিয়ে এলে স্থানীয় কামরুল ইসলাম (২১) ও হৃদয় মিয়া (১৮) নামের আরও দুই তরুণকে পিটিয়ে আহত করা হয়।
হামলাকারীরা আহত আদিলের সঙ্গে থাকা একটি আইফোন এবং পকেটে থাকা নগদ ১০,৫০০ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।
আহত আদিল মিয়াকে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনা সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।