আগামী ১৭ সেপ্টেম্বর নির্ধারিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর স্থগিত করা হয়েছে। রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে সফরটি পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে তিনি ফেনী সফর করবেন।
রোববার দুপুরে ফেনীর জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা, অবকাঠামো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি চলছে। সরকারের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে কাজ করছে এবং নির্ধারিত সময়ের আগেই প্রস্তুতি শেষ হবে বলে আশা করা হচ্ছে।
ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু জানান, রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রীর সফর স্থগিত করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১ অক্টোবর তার ফেনী সফরের কথা রয়েছে।
সফরে প্রধানমন্ত্রী পরশুরামে একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ের ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’ উদ্বোধন করবেন। সফর পিছিয়ে গেলেও পরশুরাম ও ফুলগাজীতে প্রস্তুতি অব্যাহত রয়েছে।
সম্ভাব্য আকাশপথে সফরের জন্য পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে হেলিপ্যাড নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি ফেনী-পরশুরাম সড়ক মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
ফুলগাজীতে প্রধানমন্ত্রী বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া নানার বাড়িতে গিয়ে প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করার কথা রয়েছে তার।