নিজের সংসদীয় আসন ভুল করে উল্লেখ করায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্দেশে রসিকতা করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমি কি এখন ঢাকার দুই আসনে দায়িত্ব পালন করব?’
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
বিরোধীদলীয় নেতাকে বক্তব্য দেওয়ার আহ্বান জানাতে গিয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘মো. শফিকুর রহমান, ঢাকা-১৮, বিরোধীদলীয় নেতা। আপনার সময় তিন মিনিট।’ এ সময় ভুল করে ডা. শফিকুর রহমানের সংসদীয় আসন ঢাকা-১৮ উল্লেখ করেন তিনি। পরে অবশ্য ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন ডেপুটি স্পিকার।
বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান বলেন, ‘মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে আসন বদলে দেওয়ার জন্য। আমি কি এখন দুই আসনেই প্রতিনিধিত্ব করব—১৫ এবং ১৮?’
এর জবাবে ডেপুটি স্পিকার বলেন, তালিকায় আসন নম্বর ‘ঢাকা-১৮৮’ লেখা ছিল। সেখান থেকে একটি ৮ বাদ দিয়ে তিনি ঢাকা-১৮ বলেছেন। ভুলের জন্য দুঃখ প্রকাশ করে তিনি জানান, তালিকাটি সম্ভবত সংশ্লিষ্ট পক্ষ থেকেই দেওয়া হয়েছিল।
এরপর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তার বক্তব্য চালিয়ে যান