পরিবেশ দূষণ কমাতে পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দিয়েছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশ দেন।
সভায় পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ রোধে চলমান কার্যক্রম আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, পরিবেশ সুরক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সভায় আলোচনা করা হয়।
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক) ড. সাইমুম পারভেজ।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।