জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দেশের এক সংকটময় সময়ে ৪৮ বছর আগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্বের সুরক্ষা, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাকে দলটি অগ্রাধিকার দিয়ে আসছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে তিনি বলেন, দেশের সংকটময় সময়ে স্বৈরাচার ও দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর প্রতিও গভীর শ্রদ্ধা জানিয়ে রিজভী তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দলের জন্য আত্মত্যাগকারী নেতাকর্মীদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।
রিজভী বলেন, ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ ও বহুদলীয় গণতন্ত্র বিএনপির মূল আদর্শ। শহীদ জিয়াউর রহমান প্রণীত ১৯ দফা কর্মসূচি দলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম ভিত্তি। বাংলাদেশী পরিচয়কে দেশপ্রেমিক নাগরিকদের মর্যাদার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে এবং কোনো স্বেচ্ছাচারী শক্তি যাতে জনগণের অধিকার ও ভোটাধিকার কেড়ে নিতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা ও স্বৈরাচারী শাসনের অবসানের পর ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং পরবর্তী অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেশের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করছে বলেও দাবি করেন তিনি।
রিজভীর ভাষ্য, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্র ও সমাজে আইনের শাসন, ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে।
তিনি বলেন, জনগণের মতামত ও ভোটাধিকারকে বিএনপি সবসময় সর্বোচ্চ গুরুত্ব দেয়। একই সঙ্গে অর্থনীতি, প্রশাসন, বিচারব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী করার লক্ষ্যেও সরকার কাজ করছে।
বিএনপির এই নেতা বলেন, ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, বৈষম্য ও সামাজিক অনাচার দূর করে একটি সমৃদ্ধ, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই দলের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে দলের নেতাকর্মী ও দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
রিজভী আরও বলেন, কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবী, নারী ও শিশুসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় দলটি ভবিষ্যতেও পিছপা হবে না।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে দলটির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।