ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা জাতীয় সংসদে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহর সমালোচনা করেছেন মুফতি রহমতুল্লাহ কাসেমী।
শুক্রবার (২৮ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে হাসনাতের বক্তব্যের প্রতিক্রিয়া জানান ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার জামিয়া রশিদিয়া ছতরপুর মাদরাসার অধ্যক্ষ মুফতি রহমতুল্লাহ কাসেমী। তিনি দাবি করেন, পুলিশ লাইন্সের পাশে মাদরাসার শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায় লাউডস্পিকারে গান বন্ধের অনুরোধ করা হয়েছিল।
পরে পুলিশ সদস্যরা আবার উচ্চশব্দে গান বাজালে শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনা তৈরি হয় এবং কয়েকজন শিক্ষার্থী পুলিশের হামলায় আহত হন।
কাসেমীর দাবি, পরে পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন, মাদরাসায় উপস্থিত হয়ে ক্ষমা চান এবং শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। তাঁর মতে, বিষয়টি সমাধান হয়ে যাওয়ার পরও হাসনাত আবদুল্লাহ সংসদে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করেছেন।
হাসনাতের বক্তব্যকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে কাসেমী বলেন, জুলাই আন্দোলনে মাদরাসার শিক্ষার্থীরাও অংশ নিয়েছিলেন। তাই জুলাইয়ের চেতনার সঙ্গে ‘গাদ্দারি’ করলে কেউ পার পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, হাসনাত আবদুল্লাহর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় কওমি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।