জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও হাসনাত আব্দুল্লাহকে বয়কটের ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে কওমি ছাত্র ঐক্য।
একই সঙ্গে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ না করলে শনিবার (২৯ আগস্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা প্রতিহতের ঘোষণা দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে এ কর্মসূচি পালন করা হয়। রাতেই শহরের জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন কওমি ছাত্র ঐক্যের নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় এনসিপি ও হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
সমাবেশে বক্তারা বলেন, হুজুরদের দোষারোপের সেই পুরোনো সংস্কৃতি আর নয়। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ঘটনার জন্য যেভাবে আলেম-উলামা ও ধর্মীয় ব্যক্তিদের দোষারোপ করা হতো, সেই সংস্কৃতির পুনরাবৃত্তি তারা দেখতে চান না।
বক্তারা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে উচ্চ শব্দে গান-বাজনাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় মিথ্যাচার যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি নৌকাবাইচ বন্ধের ঘটনায় সংসদে হাসনাত আব্দুল্লাহ যেভাবে ‘তৌহিদি জনতাকে’ দায়ী করেছেন, সেটিও অনাকাঙ্ক্ষিত।
বিক্ষোভকারীদের দাবি, নৌকাবাইচ বন্ধের কারণ হিসেবে এলাকার কৃষকরা তাদের জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন। অথচ বিষয়টি আলেম-উলামা ও তৌহিদি জনতার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীরা জানান, হাসনাত আব্দুল্লাহকে তারা শত্রু মনে করেন না। জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের মধ্যে কোনো বিভেদ বা সংঘাতও চান না। তাদের ভাষায়, ‘আমরা ঐক্য চাই, সম্প্রীতি। তবে বক্তব্যে যদি ‘তৌহিদি জনতা’ ও আলেম-উলামা অন্যায়ভাবে অভিযুক্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই দুঃখ প্রকাশ করে বিষয়টি পরিষ্কার করতে হবে।’
তারা আরও জানান, জুলাইয়ের শক্তির ঐক্য চান তারা, সংঘাত নয়। তবে ইসলাম ও আলেম-উলামাকে অন্যায়ভাবে দোষারোপের পুরোনো সংস্কৃতির সঙ্গে কোনো আপস করা হবে না।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, রাতে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। এরপর থেকে শহরে নজরদারি বাড়ানো হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত।
এদিকে শনিবার বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।