মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে আটটি ইয়াবা বড়িসহ স্বপন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, মাদক কেনার অর্থ জোগাড় করতে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন বাগান থেকে কলা-পেঁপে এবং পুকুর থেকে মাছ চুরি করে আসছিলেন।
শুক্রবার দুপুর সাড়ে ২টার দিকে উপজেলার শিবরামপুর এলাকা থেকে স্বপনকে গ্রেপ্তার করা হয়। তিনি শ্রীনগর উপজেলার খাররা গ্রামের আব্দুল আজিজ ও মনোয়ারা বেগমের ছেলে।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, শ্রীনগরের শিবরামপুর ও খাররা এলাকায় সম্প্রতি মাদক ও চুরির উপদ্রব বেড়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানের সময় স্বপনকে আটটি ইয়াবা বড়িসহ আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর স্বপনকে কলা চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি কলা চুরির কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে শিবরামপুর ও খাররা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি কলাবাগান থেকে চুরি করা পাঁচটি কলার ছড়া উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, স্বপনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের অভিযোগ, তিনি শিবরামপুর ও খাররা এলাকার বিভিন্ন বাগান থেকে কলা ও পেঁপে এবং বিভিন্ন পুকুর থেকে মাছ চুরি করতেন। মাদক সেবন বা কেনার অর্থের জোগান দিতে এসব চুরির সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে পুলিশের দাবি।
অভিযানে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন এসআই মো. রেজাউল কাজী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহাবুর রহমান।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, গ্রেপ্তার স্বপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।