জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং জনগণ দলটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন তো দূরের কথা, বিএনপি নিজেদের ঘোষিত ৩১ দফার সঙ্গেও প্রতারণা করেছে। ছয় মাসেই সরকার দুঃখজনকভাবে অজনপ্রিয় হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফেনীর একটি গণমিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ ও স্বজনপ্রীতি করা হচ্ছে। এমনকি ইউনিয়ন পরিষদেও প্রশাসক বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য লজ্জাজনক উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী সব স্থানীয় নির্বাচনে এনসিপি একক প্রার্থী দেবে।
বর্তমান জনজীবনের বিভিন্ন সংকট তুলে ধরে সারজিস আলম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, জ্বালানি সংকট এবং দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের কারণে মানুষ দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দিন, ফেনী জেলা কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্যসচিব শাহওয়ালী উল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব মুহায়মিন তাজিমসহ দলটির নেতারা।