বিরোধী দলকে সংসদীয় ধারা ও চর্চায় ফিরে এসে জাতীয় সংসদকে কার্যকর করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সতর্ক করে বলেছেন, তুচ্ছ কারণে বারবার সংসদ থেকে ওয়াকআউট করলে ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র। সংসদ কার্যকর না হলে গণতন্ত্র বারবার হোঁচট খাবে এবং এর দায় ইতিহাস বিরোধী দলের ওপরই দেবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে বিরোধীদলীয় নেতার বক্তব্য ও ওয়াকআউটের পর ফ্লোর নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের প্রধান লক্ষ্য হলো আইন প্রণয়নসহ দেশের গুরুত্বপূর্ণ সংকটগুলোর সমাধান সংসদের ভেতরেই করা। রাজপথ বা অন্য কোথাও নানা কথা বলা গেলেও সংসদে আলোচনা করতে হবে নির্দিষ্ট বিধি, তথ্য ও প্রমাণের ভিত্তিতে।
বিরোধী দলের ওয়াকআউটের সমালোচনা করে তিনি বলেন, আইন প্রণয়ন প্রক্রিয়ায় সহযোগিতা না করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে সংসদ ত্যাগ করা হয়েছে। মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়ে বিরোধী দলের দীর্ঘদিনের দাবির কথাও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে তৈরি মানবাধিকার কমিশন আইনের বিভিন্ন ত্রুটি সংশোধনে আইন মন্ত্রণালয় ও সংশ্লিষ্টরা কাজ করেছেন। দেশি-বিদেশি অংশীজন, কূটনৈতিক মিশন, মানবাধিকার সংস্থা ও ইউএনডিপির সঙ্গে আলোচনা করে নতুন বিল প্রস্তুত করা হয়েছে। তার দাবি, দুটি বিল সংসদে উত্থাপন ও কমিটিতে পাঠানোর কথা থাকলেও সেগুলোকে অজুহাত হিসেবে ব্যবহার করে বিরোধী দল ওয়াকআউট করেছে।
বিরোধীদলীয় নেতার রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদ আহ্বানের বিষয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার এখতিয়ার বিরোধীদলীয় নেতার নেই।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট তথ্য দিলে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। সংসদে অভিযোগের ক্ষেত্রে ঘটনার স্থান, সময় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে পরিষ্কার তথ্য দেওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিগত ১৬-১৭ বছরের অপরিকল্পিত ও গ্যাসনির্ভর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার কারণে তৈরি সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। জরুরি ভিত্তিতে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু, এফএসআরইউ নির্মাণ এবং এলএনজি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়েও সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, ওই আদেশের পেছনে কোনো রাজনৈতিক সমঝোতা ছিল না। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের কোনো সাংবিধানিক ভিত্তি নেই বলেও দাবি করেন তিনি।
সংবিধান সংশোধন বিশেষ কমিটি নিয়ে বিরোধী দলের আপত্তির জবাবে তিনি বলেন, সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৬ অনুচ্ছেদ অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে। বিরোধী দলের সদস্যদের ওই কমিটিতে গিয়ে নিজেদের প্রস্তাব ও মতামত তুলে ধরার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষ দিকে সংসদকে প্রাণবন্ত ও কার্যকর করার ওপর জোর দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারি ও বিরোধী দলকে সংসদের ভেতরেই তর্ক-বিতর্ক ও আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান করতে হবে। সামান্য কারণে ওয়াকআউট না করে বিরোধী সদস্যদের সংসদে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের আন্দোলন ও শহীদদের প্রত্যাশা ছিল একটি কার্যকর ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যেই সংসদে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে দেশ পরিচালনা করতে হবে।