বিরোধী দলের সঙ্গে বর্তমান সরকার যে আচরণ করছে, আওয়ামী লীগও এমন আচরণ করেনি বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিরোধী দলের সংসদ সদস্যদের উন্নয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বিরোধী দলের ওয়াকআউটের পর সংসদ চত্বরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। অথচ এখন দেখা যাচ্ছে, বিএনপিই বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে।
দেশের চলমান জনদুর্ভোগ তুলে ধরে তিনি বলেন, দেশে সারের সংকট রয়েছে, বিদ্যুৎ নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। এসব সমস্যা নিয়ে সংসদে আলোচনা করার প্রত্যাশা ছিল তাদের। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন বলে অভিযোগ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তাহের বলেন, শাহবাগের আন্দোলনের ফল হিসেবেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন—এ বিষয়টি তার মনে রাখা উচিত।
গণভোট প্রসঙ্গে বিরোধীদলীয় উপনেতা বলেন, গণভোটের পক্ষে সবাই ছিলেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও গণভোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু বিএনপি এখন জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দুর্বল ও মেরুদণ্ডহীন অন্তর্বর্তী সরকার বিএনপির চাপে গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে করেছে। বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলেই বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তেজনা তৈরি হয়। বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন। এ নিয়ে সংসদে আপত্তি, হইচই ও হট্টগোল শুরু হলে কিছু সময়ের জন্য অধিবেশনে অচলাবস্থার সৃষ্টি হয়।
পরবর্তী সময়ে বিরোধী দলের আপত্তির পর স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করার কথা জানান। তবে এরপরও পরিস্থিতি তাৎক্ষণিকভাবে শান্ত হয়নি।