সজিব রেজা, দিনাজপুর
দিনাজপুরে শ্রমিক নেতা আটককে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটকের প্রতিবাদে বুধবার রাত থেকে সড়ক অবরোধ ও থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার( ২৭ আগস্ট) সকালে কোতোয়ালি থানার প্রধান গেটের সামনে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং দুইটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বুধবার রাত ৯টার দিকে নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা শেখ বাদশাকে আটক করেন। এরপর শ্রমিকরা থানার প্রধান গেটে বাস দিয়ে ব্যারিকেড তৈরি করে বিক্ষোভ শুরু করেন। একই সঙ্গে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাস ও ট্রাক আড়াআড়ি রেখে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। দশমাইল মোড়, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, বটতলী ট্রাক টার্মিনাল ও সাধনার মোড়সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে দিনাজপুরের সঙ্গে আন্তঃজেলা ও ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
শ্রমিকদের ভাষ্য, আগামী ১৯ সেপ্টেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তাদের অভিযোগ, সাধারণ সম্পাদক পদে শেখ বাদশাকে নির্বাচন থেকে দূরে রাখতেই তাকে ষড়যন্ত্রমূলকভাবে আটক করা হয়েছে।
শ্রমিকরা আরও জানান, বাদশার মুক্তির দাবিতে থানা ঘেরাওয়ের পাশাপাশি দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের দশমাইল, রানীর বন্দরসহ কয়েকটি এলাকায় ব্যারিকেড দেওয়া হয়েছে। এদিকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোতোয়ালি থানার গেটের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ শ্রমিক আহত হন। আহতদের মধ্যে চারজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা বলেন, বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার দিনাজপুর জেলা থেকে কোনো বাস ছেড়ে যায়নি। পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন বলেন, শেখ বাদশার বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে। বুধবার তাকে গ্রেপ্তারের পর থানার গেটসহ বিভিন্ন সড়কে গাড়ি রেখে অবরোধ করা হয়েছে। শ্রমিকদের সঙ্গে পুলিশের যোগাযোগ চলছে। থানার গেট থেকে গাড়ি সরিয়ে নিলে শেখ বাদশাকে আদালতে সোপর্দ করা হবে।