স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইসলাম শান্তি, ন্যায়বিচার ও সাম্যের শিক্ষা দেয়। বিশ্ব যদি ইসলামের শান্তির বাণী অনুসরণ করে, তাহলে যুদ্ধ-বিগ্রহ থাকবে না এবং সমাজে ন্যায়বিচার ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষ ইসলামের শান্তির বাণী ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ থেকে অনেকটাই বিচ্যুত হয়েছে। এই পবিত্র দিনে নতুন করে সেই আদর্শ অনুধাবন ও অনুসরণের প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও শিক্ষা এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করলে সমাজে অশান্তি, বিশৃঙ্খলা ও বৈষম্য থাকবে না। ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
এ সময় পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করার প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের পুলিশ বাহিনী ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব বাহিনীতে পরিণত হবে। একই সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনি কাঠামোতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে এবং তাদের জবাবদিহিতা ও কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
সাম্প্রতিক বিভিন্ন অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, রংপুরের ঘটনা এবং রামিসা হত্যা থেকে শুরু করে জাতীয়ভাবে আলোচিত বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ সময়ে এমন কোনো অপরাধের ঘটনা ঘটেনি, যার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার বা বিচারের আওতায় আনতে পারেনি। এটিকে বর্তমান সরকারের অন্যতম সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি।