আমজাদ শিবলু: নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুরেজ্জামান (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেবিসিংহপুর গ্রামের সুলতানের বাপের নতুন বাড়ির পূর্ব পাশের জমিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরেজ্জামান ওই গ্রামের মৃত আলী আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো নুরেজ্জামান জমিতে গরুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় বৈদ্যুতিক পিলারের সঙ্গে সংযুক্ত একটি আর্থিং তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার গণমাধ্যম কে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সেনবাগ জোনাল অফিসের ডিজিএম মো. মিনারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ওই বৈদ্যুতিক সংযোগের ত্রুটি নিয়ে আগে কোনো অভিযোগ লিপিবদ্ধ থাকার তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।