টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা হাটে সরকারি ও হাটবাজারের জমি অবৈধভাবে দখল করে নির্মাণ করা দোকানঘর ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে লাউফুলা হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাটবাজারের সরকারি জমি দখল করে নির্মাণ করা বেশ কয়েকটি অবৈধ দোকানঘর ও স্থাপনা অপসারণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন। এ সময় আলোকদিয়া ফাঁড়ির পুলিশ সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাটবাজারের সরকারি জমি অবৈধ দখলমুক্ত রাখা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান থাকবে বলেও জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, হাটের সরকারি জায়গা দখলমুক্ত হওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচল সহজ হবে। পাশাপাশি হাটের স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান ইতিবাচক ভূমিকা রাখবে।