গণঅধিকার পরিষদ টহল দেওয়া শুরু করলে দেশের অনেক এলাকা থেকে জামায়াত-শিবির ‘নাই হয়ে যাবে’ বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নুর।
একই সঙ্গে জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজার বক্তব্য ও কর্মকাণ্ডে লাগাম টানতে দলটির কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক নুর এসব মন্তব্য করেন।
পোস্টে তিনি অভিযোগ করেন, কুষ্টিয়ায় জামায়াত নেতা আমির হামজা তার অনুসারীদের দিয়ে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের হুমকি দিচ্ছেন। এমনকি তাদের বাড়ির আশপাশে লোকজন দিয়ে টহল দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
নুর বলেন, গণঅধিকার পরিষদও যদি টহল দেওয়া শুরু করে, তাহলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবিরের উপস্থিতি থাকবে না। এ অবস্থায় জামায়াতের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে তিনি আমির হামজাকে নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। তা না হলে ‘কল্পনাতীত খেসারত’ দিতে হবে বলেও সতর্ক করেন তিনি।
তবে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সংঘাতের রাজনীতির পরিবর্তে ঐক্য, সম্প্রীতি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠাই তার লক্ষ্য বলে পোস্টের শেষাংশে উল্লেখ করেন নুরুল হক নুর।