জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনের পর সব ঠিক হয়ে যাবে এবং ক্ষমতায় এলে মানুষের পেটে ভাত থাকবে—দীর্ঘ দেড় বছর ধরে এমন প্রতিশ্রুতি শুনতে হয়েছে। কিন্তু ক্ষমতায় আসার পাঁচ-ছয় মাস পার হতে চললেও সংস্কারের কোনো অগ্রগতি নেই; গ্যাস-বিদ্যুৎ ও মানুষের পেটে ভাতও নেই।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডসহ নানা সুবিধা এবং পেটে ভাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে জনগণের জন্য প্রয়োজনীয় অনেক কিছুই এখন সহজলভ্য নয়।
চাঁদাবাজির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে বিভিন্নভাবে চাঁদাবাজির অভিযোগ উঠছে। এমনকি গরু-মহিষ চরাতেও চাঁদা দিতে হয়—এমন খবরও গণমাধ্যমে এসেছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়া ব্যক্তিদের কেউ নির্বাচনে অংশ নিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। পাশাপাশি শেখ হাসিনা দেশে ফিরলে তার সঠিক বিচার নিশ্চিত করতে এনসিপি প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।