১৫ আগস্টকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার পেট্রোলিং বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার র্যাবের মুখপাত্রের পক্ষ থেকে দেওয়া এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট উপলক্ষে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে। সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে সেখানে র্যাব সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা দল দায়িত্ব পালন করছে।
নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী ও দুষ্কৃতকারীদের সম্ভাব্য অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।
র্যাব জানিয়েছে, অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি বিভিন্ন রুটে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের মোতায়েন করা হয়েছে। আগাম তথ্য সংগ্রহে এলাকাভিত্তিক সোর্স ও ইনফরমারদেরও কাজে লাগানো হচ্ছে।
নিরাপত্তা কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সঙ্গে সমন্বয় করা হয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার পেট্রোলিং বাড়ানো হয়েছে। বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব।
কোনো স্থানে বিস্ফোরক বা বিস্ফোরকসদৃশ বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।
র্যাব জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবেন।