লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে অলি আহমদের মনোনয়ন প্রসঙ্গে তিনি এসব মন্তব্য করেন।
অলি আহমদের প্রার্থিতা নিয়ে প্রশ্ন করা হলে ফজলুর রহমান বলেন, অলি আহমদের মতো একজন ব্যক্তি জেনেশুনে এমন একজন প্রার্থীকে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড় করাতে পারেন না, যার বিজয়ের সম্ভাবনা নেই। এ ধরনের সিদ্ধান্তকে তিনি ‘বুড়ো বয়সের ভীমরতি’ বলে মন্তব্য করেন।
তিনি বলেন, ১১ দলীয় জোটের সর্বোচ্চ ভোট ৭৫ বা ৭৬টি হতে পারে। অথচ রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হতে প্রয়োজন ২২৫টি ভোট। ফলে এই বাস্তবতায় অলি আহমদের প্রার্থিতাকে তিনি রাজনৈতিকভাবে অর্থহীন বলে মনে করেন।
অলি আহমদের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে ফজলুর রহমান বলেন, রাজনৈতিক জীবনে কিছু মানুষ সময়ের সঙ্গে অবস্থান পরিবর্তন করেন। তিনি অলি আহমদকেও বর্তমানে সেই অবস্থানে দেখছেন।
এ সময় তিনি আরও বলেন, অলি আহমদের প্রতি এর চেয়ে বেশি কঠোর ভাষা ব্যবহার করতে চান না। এমনকি এখন থেকে অলি আহমদকে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তি হিসেবেও মনে করেন না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।