দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করবে শেষ মুহূর্তে।
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
বিএনপির স্থায়ী কমিটি রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দিয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং বিএনপির মহাসচিবের পদ ছাড়তে হবে।
এতে তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন, তা নিয়েও দলের ভেতরে আলোচনা চলছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে আলোচনায় রয়েছে বলে দলীয় সূত্রের বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
রাষ্ট্রপতি পদে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায়ও পরিবর্তন আসতে পারে। তবে নতুন দায়িত্বে কারা আসবেন, সে বিষয়ে বিএনপির নীতিনির্ধারণী ফোরামে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে দলীয় নেতারা জানিয়েছেন।