আবু বক্কর সিদ্দিক , কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র, ৭৯ রাউন্ড গুলি ও একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশাসহ একাধিক হত্যা, অপহরণ, অস্ত্র ও মাদক মামলার আসামি আব্দুল খালেক ওরফে নাহিদকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ২টার দিকে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেদা মৌলভীপাড়া এলাকার কালুর দোকানের সামনে ইট সলিং রাস্তা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় নাহিদের কাছ থেকে একটি ম্যাগাজিনসহ পিস্তল, পিস্তলের ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি, তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ৬৯ রাউন্ড রাইফেলের গুলি, ১০ রাউন্ড পিস্তলের গুলি, একটি সাদা রঙের এ্যাংলেট এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, অভিযানের সময় ঘটনাস্থল থেকে আরও পাঁচজন অজ্ঞাতনামা সন্ত্রাসী পালিয়ে যায়।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আব্দুল খালেক ওরফে নাহিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি, হত্যা ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে মোট ১৬টি মামলা রয়েছে। এসব মামলা বর্তমানে তদন্তাধীন ও আদালতে বিচারাধীন। এছাড়া তার বিরুদ্ধে আরও দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার নাহিদ ও পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ৪৮/৬৫৯, তারিখ ১০ আগস্ট ২০২৬; ধারা—The Arms Act, 1878-এর ১৯(এ)/১৯(এফ)।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারসহ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।