শাহরিয়ার আহমেদ শাওন, নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মানুষের প্রধান চিকিৎসাসেবা কেন্দ্র ৫০ শয্যাবিশিষ্ট নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত রোগী চিকিৎসাসেবা নিতে এই হাসপাতালে আসেন। তবে গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির বর্তমান পরিবেশ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে নোংরা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। কোথাও কোথাও ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে একদিকে যেমন রোগী ও স্বজনদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে হাসপাতালেই স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের পাশাপাশি হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরও প্রতিদিন এই পরিবেশের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত হওয়া অত্যন্ত জরুরি।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিতভাবে হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনার যথাযথ ব্যবস্থা না থাকায় দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন অপরিচ্ছন্ন পরিবেশ কোনোভাবেই কাম্য নয়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করা, নিয়মিত বর্জ্য অপসারণ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন তারা।