স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন এবং শহীদ হয়েছেন, তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে সরকার কাজ করছে। তবে ‘চেতনা বিক্রির রাজনীতি’ বাংলাদেশে আর চলবে না।
শনিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্বকে ভিত্তি করে রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে চান, তাদের সতর্ক হওয়া উচিত। একাত্তরের চেতনা ব্যবহার করে রাজনীতি করার ধারা বাংলাদেশে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, একাত্তরের চেতনা ব্যবহার করতে করতে শেখ হাসিনা এখন দিল্লিতে অবস্থান করছেন। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, নতুন রাজনীতি করতে হলে পুরোনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, রাজনৈতিক মাঠ কঠিন ও কণ্টকাকীর্ণ। নতুনদের অনেক কিছু শেখার আছে। রাজনীতিতে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী হয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মতো আচরণ করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা ও ভারত প্রসঙ্গে
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে সমর্থন করে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা পরস্পরবিরোধী। দিল্লিতে বসে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র ও স্থিতিশীলতার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন—এমন অভিযোগও করেন তিনি।
তার দাবি, ভারতের দ্বিমুখী অবস্থান বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তাদের নানা বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সংগঠন হিসেবে দলটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
তিনি বলেন, সংশ্লিষ্ট আইনে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ, স্থগিত কিংবা অন্যান্য শাস্তির বিধান রয়েছে। দলের সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়েও আইনি বিধান রয়েছে। বর্তমানে তদন্ত চলছে এবং দ্রুত তা শেষ করার আশা প্রকাশ করেন তিনি।
শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যক্তি পর্যায়ের বিচারও চলমান রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিছু মামলার বিচার শেষ হয়েছে এবং আরও কয়েকটির আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচারপ্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি।
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য ধরে রাখতে হবে। অতীতে যে ‘ইস্পাতকঠিন ঐক্য’ তৈরি হয়েছিল, সেটিকে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে মতবিরোধ, বিতর্ক ও ভিন্নমত থাকবেই। তবে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং গণতান্ত্রিক বিতর্কের পরিবেশ বজায় রাখতে হবে।