আবুবক্কর সিদ্দিক কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পেটের ভেতরে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে শাকিলা খাতুন (২৩) নামে এক নারীকে গ্রেফতার করেছে ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে সর্বমোট ৪ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-০৯ এর ডি/১ ব্লকের একটি শেড থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত শাকিলা খাতুন গাজীপুর সদর উপজেলার আমবাগ বাঘিয়া এলাকার মোঃ সাইদুর ইসলামের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, এক নারী পেটের ভেতরে করে ইয়াবা বহনের প্রস্তুতি নিচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপিবিএন-এর ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদের নির্দেশনায় পানবাজার পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।
ঘটনাস্থল থেকে শাকিলা খাতুনকে আটক করার পর নারী পুলিশ সদস্যদের সহায়তায় তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে পলিথিনে মোড়ানো ২০টি প্যাকেটে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক শাকিলা স্বীকার করেন যে, তিনি আরও বেশ কিছু ইয়াবার প্যাকেট গিলে ফেলেছেন। পরবর্তীতে পুলিশ তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে এক্স-রে পরীক্ষার মাধ্যমে তার পেটে ইয়াবার উপস্থিতি নিশ্চিত করেন চিকিৎসকরা।
পরে চিকিৎসকদের সহায়তায় বিশেষ প্রক্রিয়ায় তার পেট থেকে আরও ৬২টি প্যাকেটে ৩ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, “মাদক পাচারের এই অভিনব ও ঝুঁকিপূর্ণ পদ্ধতি প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পসহ আশেপাশের এলাকায় মাদকের বিরুদ্ধে ৮ এপিবিএন-এর জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত সর্বমোট ৪,১০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।