কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ ও নিরীহ নেতাকর্মীরাই বেশি ক্ষতির মুখে পড়ছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জে জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, পরিকল্পিতভাবে কোনো ঘোষণা এলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো উৎসাহিত হতে পারতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এ ধরনের গুঞ্জনের কারণে অনেক নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছেন এবং আইনি জটিলতায় পড়ছেন।
ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, তার কর্মকাণ্ডের বিচার হওয়া উচিত। তবে জুলাই দিবসে তারেক রহমান যেভাবে ইউনূসকে সম্মান দেখিয়েছেন, সেটিকে তিনি রাজনৈতিক শিষ্টাচারের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নানা জাতীয় ও আন্তর্জাতিক সংকটের মধ্যেও বর্তমান সরকার অধ্যাপক ইউনূসের সময়ের তুলনায় দেশ পরিচালনায় ভালো করছে।
জামায়াতে ইসলামী প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, দলটির রাজনৈতিক অবস্থানের কারণে তারা বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।