প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে স্বপ্নপূরণ হয়েছে রংপুরের ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায় এবং রাজধানীর এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিবের।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬–এ দেশের গানে প্রথম স্থান অর্জনকারী অনুশ্রী। সাক্ষাতে প্রধানমন্ত্রী তার সংগীতচর্চার খোঁজখবর নেন, নিয়মিত অনুশীলনের পরামর্শ দেন এবং তার চাওয়া একটি হারমোনিয়াম উপহার দেন।
এ সময় অনুশ্রী প্রধানমন্ত্রীকে একটি দেশাত্মবোধক গান শোনায়। প্রধানমন্ত্রী তার প্রতিভার প্রশংসা করে ভবিষ্যতে সংগীতচর্চা চালিয়ে যাওয়ার উৎসাহ দেন।
গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে অনুশ্রী প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি লিখে একটি হারমোনিয়াম এবং সাক্ষাতের ইচ্ছার কথা জানিয়েছিল। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই তাকে ও তার পরিবারকে সচিবালয়ে আমন্ত্রণ জানানো হয়।
সাক্ষাৎ শেষে আবেগাপ্লুত অনুশ্রী জানায়, প্রধানমন্ত্রী তার চিঠি পড়বেন এবং সাক্ষাতের জন্য ডাকবেন—এমনটি কখনো ভাবেনি। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে হারমোনিয়াম কেনা সম্ভব ছিল না। প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার হিসেবে সেটি পেয়ে সে আনন্দিত ও কৃতজ্ঞ।
অনুশ্রীর বাবা বলেন, মেয়ের চিঠির এমন সাড়া পাওয়া তাদের জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। প্রধানমন্ত্রীর এই উৎসাহ অনুশ্রীর সংগীতচর্চায় নতুন অনুপ্রেরণা যোগাবে।
একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার একটি বেসরকারি ভবনের নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিব। তিনি জানান, ছোটবেলা থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল। সেই আকাঙ্ক্ষার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করার পর তিনি সাক্ষাতের সুযোগ পান।
সাক্ষাতে রাকিব বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। তিনি বলেন, সেতুটি নির্মিত হলে এলাকার হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে অনুশ্রী ও রাকিব দুজনই আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।