জুলাই গণঅভ্যুত্থানের পেছনে কোনো একক ‘মাস্টারমাইন্ড’ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এ আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, বরং এটি দেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত অর্জন।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দল আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের প্রকৃত ‘মাস্টারমাইন্ড’ হাজার হাজার নির্যাতিত মানুষ। আন্দোলনের নেতৃত্বে ছিল ছাত্র ও তরুণ সমাজ। তাই এ অর্জনের কৃতিত্ব নিয়ে কোনো ধরনের বিভাজন সৃষ্টি করা উচিত নয়।
তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যারা আন্দোলনে প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, কারাবরণ করেছেন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন, জাতি তাদের আত্মত্যাগ সবসময় স্মরণ করবে।
জামায়াত আমির বলেন, শহীদরা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর সম্পদ নন, তারা পুরো জাতির সম্পদ। তাদের নিয়ে রাজনৈতিক বিভেদ তৈরি না করে আহতদের চিকিৎসা, পুনর্বাসন, শহীদ পরিবারের মর্যাদা নিশ্চিত এবং হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলোর অনেক কিছুই এখনো বাস্তবায়িত হয়নি। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ জনদুর্ভোগ কমাতে সরকার ব্যর্থ হয়েছে। জনগণের অধিকার ক্ষুণ্ন হলে অন্যায়-অবিচারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। তারা গণভোট, রাষ্ট্র সংস্কার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের দাবি জানান।