১১ দলীয় ঐক্যের চলমান আট দফা দাবি জাতির প্রয়োজনে যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, এর আগে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এরপর গত দুই দিনে রাজধানীতে সরকারপক্ষের মধ্যে অস্থিরতার কিছু লক্ষণ দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি। সরকারকে উত্তেজিত না হয়ে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।
তিনি বলেন, ‘আজকে আট দফা। মনে রাখবেন, এটা ৯ দফা হতে পারে, ১০ দফা হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় এটা এক দফায় পরিণত হতে পারে।’
আন্দোলন এক দফায় রূপ নিলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে মন্তব্য করে তিনি সরকারকে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। দাবি পূরণে ব্যর্থ হলে বিরোধী দল রাজনৈতিক চাপের মুখেও পিছিয়ে যাবে না বলেও জানান তিনি।
শফিকুর রহমান বলেন, তারা কোনো দলীয় দাবি নিয়ে মাঠে নামেননি; বরং জনগণের দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ করছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ উদ্বোধনী বক্তব্য দেন।
এ ছাড়া বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের শীর্ষ নেতারা।