প্রতিবন্ধিতা যেন কোনো মানুষের স্বপ্ন, সম্ভাবনা ও অগ্রগতির পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য সমাজের সব ক্ষেত্রে সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশীজন সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ফরিদা খানম বলেন, একটি রাষ্ট্র ও সমাজের উন্নয়ন তখনই অর্থবহ ও টেকসই হয়, যখন এর সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছায়। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের কোনো বিচ্ছিন্ন অংশ নন; তারা দেশের নাগরিক এবং উন্নয়নযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। তাই তাদের বাদ দিয়ে কোনো উন্নয়নই পূর্ণাঙ্গ হতে পারে না।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন করুণা নয়, প্রয়োজন অধিকার ও সমান সুযোগ। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সভায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত দুই বছরব্যাপী প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম প্রশংসনীয়। সিএসআইডি, সুইড বাংলাদেশ, বি-স্ক্যান, আমডা বাংলাদেশ ও অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সভায় উপস্থাপিত প্রতিবেদন, অভিজ্ঞতা ও সুপারিশ গুরুত্বপূর্ণ। প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের বাদ দেওয়া যাবে না; বরং তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। কারণ তাদের সমস্যা, প্রয়োজন ও সম্ভাবনা সম্পর্কে তারাই সবচেয়ে ভালো জানেন।
ফরিদা খানম বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সংবিধান, আইন ও নীতিমালায় নির্দেশনা রয়েছে। তবে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়, এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, গণপরিবহন, ফুটপাত ও বিনোদনকেন্দ্রসহ সব জনসাধারণের ব্যবহারের স্থান প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজে ব্যবহারযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।