ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, ছাত্রদল বর্তমানে যে ভূমিকা পালন করছে, তা প্রশংসার দাবি রাখে।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে নিউমার্কেট পুলিশ বক্স এলাকায় অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
রবিউল ইসলাম নয়ন বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল রাজপথের একটি সক্রিয় সংগঠন। ঢাকা কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা অতীতেও আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মনজুরুল আলম রিয়াদ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে জামায়াত-শিবির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, সেখানে নিরস্ত্র ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।
রিয়াদ বলেন, ছাত্রদল গত ১৭ বছর ধরে নানা প্রতিকূলতার মধ্যেও আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছে। তিনি শিবিরের উদ্দেশে বলেন, সাম্প্রতিক কিছু ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। ভবিষ্যতে কোনো ধরনের হামলা হলে ছাত্রদল প্রতিরোধ করবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সংশ্লিষ্টদের তুলে দেওয়া হবে।
এ সময় ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।