সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দেশের বাজারে কাঁচামরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়ার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সরকারের অনুমোদনের আওতায় বন্দরের ১৬ জন আমদানিকারক মোট ৫ হাজার ১৫০ টন কাঁচামরিচ আমদানি করতে পারবেন।
সোমবার (৩ আগস্ট) বিকেল থেকে এ বন্দর দিয়ে ভারতীয় কাঁচামরিচ দেশে প্রবেশ শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আমদানির অনুমতি পাওয়ার পর আমদানিকারকেরা ঋণপত্র (এলসি) খোলাসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর সোমবার বিকেল থেকেই হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচামরিচ আমদানি শুরু হয়।
হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া, টানা বৃষ্টি ও ঝড়ের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উৎপাদন কমে যাওয়ায় বাজারে চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর ফলে বাজারে প্রতি কেজি কাঁচামরিচের দাম ৩০০ টাকারও বেশি হয়েছে।
তিনি বলেন, ভারতের বাজারে বর্তমানে কাঁচামরিচের দাম তুলনামূলক কম। তাই দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের কাছে আমদানির অনুমতি চাওয়া হয়েছিল। আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে এবং এর ইতিবাচক প্রভাব দামের ওপর পড়বে বলে আশা করছেন আমদানিকারকেরা।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন বলেন, বাজার নিয়ন্ত্রণে ১৬ জন আমদানিকারককে মোট ৫ হাজার ১৫০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় শর্ত পূরণ করে তারা ভারত থেকে কাঁচামরিচ আমদানি করতে পারবেন।
উল্লেখ্য, সর্বশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হয়েছিল। প্রায় ১০ মাস পর আবারও এ বন্দর দিয়ে ভারতীয় কাঁচামরিচ আমদানি শুরু হলো।