নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার মামলায় সোমবার দুপুরে তাঁকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে ধারাবারিষা ইউনিয়ন পরিষদের হলরুমে একটি লিগ্যাল এইডবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে প্রধান অতিথি হিসেবে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম এবং সভাপতি হিসেবে চেয়ারম্যান আব্দুল মতিনের উপস্থিত থাকার কথা ছিল।
তবে অনুষ্ঠান শুরু হতে বিলম্ব হওয়ায় তিনি নিজ কক্ষে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, আব্দুল মতিনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আব্দুল মতিনের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর তিনি গোপনীয়ভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে স্থানীয় সূত্রের দাবি। তবে এ বিষয়ে আব্দুল মতিন বা তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।