মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান অভিযোগ করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তাঁর ছবি বিকৃত করে একটি অশ্লীল ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। তিনি ঘটনাটিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা দাবি করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
শনিবার (১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এম নাসের রহমান বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁর মাথার ছবি অন্য একজনের শরীরে সংযুক্ত করে এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ডিজিটাল আলামত সংরক্ষণ, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং জড়িতদের শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে। তাঁর দাবি, সরকারের একটি বিশেষায়িত সংস্থা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে।
সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে নাসের রহমান বলেন, যাচাই-বাছাই ছাড়া এআই-নির্মিত কোনো ভুয়া বা বিভ্রান্তিকর ভিডিও, ছবি কিংবা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকা উচিত।
তিনি আরও বলেন, এ ধরনের ভুয়া বা বিকৃত কনটেন্ট প্রচার কিংবা পুনঃপ্রচারও প্রচলিত তথ্যপ্রযুক্তি আইনে দণ্ডনীয় অপরাধ।