ইসলামী বক্তা ও সাবেক জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে নির্যাতনের মাধ্যমে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করার অভিযোগ এনেছেন তিনজন প্রত্যক্ষ সাক্ষী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগকারীরা হলেন মাহবুবুল আলম হাওলাদার, মাহতাব উদ্দিন ও আলতাফ হাওলাদার। তাদের পক্ষে মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ হোসেন।
অভিযোগে বলা হয়, ২০০৯ সালে পিরোজপুর-১ আসনের এমপি একেএম আউয়াল মাহবুবুলকে ডেকে এনে সাঈদীর নামে মামলা করার প্রস্তাব দেন। তিনি রাজি না হলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে তুলে নিয়ে যায়।
পরে পিপি কার্যালয়ে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধে জড়িয়ে সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে বাধ্য করা হয়। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম সাক্ষী হিসেবেও জবানবন্দি দিতে বাধ্য করা হয়। তখনও তাকে যাত্রাবাড়ীর কথিত সেইফ হোমে নিয়ে ভয়াবহ নির্যাতন চালানো হয়।
আইনজীবী পারভেজ জানান, অভিযোগকারী বাকি দুই সাক্ষীকেও একইভাবে জোরপূর্বক জবানবন্দি দিতে বাধ্য করা হয়। এসব ঘটনায় তৎকালীন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক বিচারপতি এটিএম ফজলে কবিরসহ মোট ৪০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২১ আগস্ট সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুম ও নির্যাতনের অভিযোগ আনেন আরেক সাক্ষী সুখরঞ্জন বালি। তিনি শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিচারের দাবিও জানান। নতুন অভিযোগে আবারও উঠে এসেছে সাঈদীর বিরুদ্ধে মামলা ও সাক্ষ্য প্রক্রিয়ায় ভয়াবহ নির্যাতনের চিত্র।