নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় মারিয়া আক্তার প্রীতি (৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সদর উপজেলা নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া উপজেলার সদর ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালাম আজাদ এর মেয়ে। সে স্থানীয় দারুল উলুম নয়পাড়া মহিলা মাদ্রাসায় শিশু শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মারিয়া আক্তার প্রীতি স্থানীয় দারুল উলুম নয়াপাড়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় শনিবার সকালে মাদ্রাসায় যায় সে।
ছুটি শেষে বাড়ি ফেরার সময় তার বাবাকে দেখে দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় নয়াপাড়া বাবুলের চায়ের দোকানের সামনে সড়কে একটি ব্যাটারি চালিত অটোরিকশা চাপা দেয়। মারিয়ার বাবা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ওসি আরও বলেন, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।