রাজধানীতে ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, সড়কে এ ধরনের যানবাহনের চলাচল বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর মধ্য বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের মরদেহ দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শুক্রবার সকালে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পালনকালে মধ্য বাড্ডায় একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগম।
ডিএনসিসি প্রশাসক বলেন, যেসব যানবাহন ফিটনেসবিহীন অবস্থায় সড়কে চলাচল করছে এবং যেসব চালকের বৈধ লাইসেন্স নেই বা তারা অদক্ষ, তাদের বিরুদ্ধে বিআরটিএর সঙ্গে আলোচনা করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। তাই তারা যাতে নিরাপদ পরিবেশে ও নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সবাইকে আরও সতর্ক হতে হবে।
এ সময় তিনি নিহত শেফালী বেগমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। পাশাপাশি ডিএনসিসির পক্ষ থেকে নিহতের পরিবারকে চার লাখ টাকা আর্থিক সহায়তা এবং শেফালী বেগমের এক বছরের সমপরিমাণ বেতন প্রদান করার ঘোষণা দেন।
শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবির।