স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অর্জন, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তথ্যনির্ভর এবং বাস্তবভিত্তিকভাবে উপস্থাপন করতে হবে। একই সঙ্গে সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রমের অগ্রগতি জনগণের সামনে স্বচ্ছ ও বাস্তবসম্মতভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিবিরোধী উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। জনকল্যাণমূলক প্রকল্পগুলোর দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করারও নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান মীর শাহে আলম। পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনাও দেন তিনি।
সভায় মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।