প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের শিশুরা যদি নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে, তাহলে ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করছে। তবে সেই প্রচেষ্টা সফল হবে তখনই, যখন নতুন প্রজন্ম নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে। তিনি শিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, বিজ্ঞানী ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে দেশের নেতৃত্ব দেবে। তাই আত্মগঠন ও মেধা বিকাশে এখন থেকেই মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
পরিবেশ রক্ষায় শিশুদের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যেখানে-সেখানে ময়লা না ফেলা এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করতে হবে। পাশাপাশি নদী, পুকুর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। এতে পরিবেশ সুরক্ষিত থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে উঠবে।
প্রধানমন্ত্রী পশুপাখির প্রতিও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রাণীদের প্রতি নিষ্ঠুর আচরণ থেকে বিরত থাকতে হবে। যত্ন নিতে না পারলেও তাদের যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের বিষয় উল্লেখ করে তিনি বলেন, সরকার শিক্ষার পরিবেশ উন্নত করতে কাজ করছে। পড়াশোনা, খেলাধুলা, সংগীত, চিত্রাঙ্কন বা অন্য যেকোনো ক্ষেত্রে শিশুদের প্রতিভা বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।
বক্তব্যের শেষদিকে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক ও সামাজিক সংবাদের পাশাপাশি শিশুদের সাফল্য এবং তাদের ইতিবাচক উদ্যোগও সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরা উচিত। তাঁর মতে, দেশের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে এসব অর্জনকে আরও বেশি প্রচার করা প্রয়োজন।